পাবনার চাটমোহরে এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগে ৭ জন কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
রোববার (২৬ এপ্রিল) চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লায় অবস্থিত সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। কেন্দ্রটির সুপার মাওলানা মো. আব্দুল ওয়াহ্হাব শিক্ষকদের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. মোসলেম উদ্দিন, সহকারী মৌলভী মো. বায়েজিদ হোসেন, মোছা. কামরুন নাহার, মোছা. আনোয়ারা খাতুন ও মোছা. বুলবুলি খাতুন; হান্ডিয়াল পাইকপাড়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো. রেজাউল করিম এবং ফৈলজানা ইউনিয়নের নেংরি হেফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আবুল হাশেম।
কেন্দ্র সুপার মাওলানা মো. আব্দুল ওয়াহ্হাব জানান, ইউএনও স্যার পরীক্ষা চলাকালীন মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন। সেখানে উল্লিখিত শিক্ষকদের দায়িত্ব পালনে গাফিলতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সিসি ক্যামেরায় দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

চাটমোহর প্রতিনিধি 


















