মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস প্রশাসনের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ দিনের সামরিক অভিযানের পর সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই আপাতত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এদিকে অ্যাক্সিওসের দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, হামলা স্থগিতের সিদ্ধান্তটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা পরিচালনা করছে না।
অ্যাক্সিওসের বিশ্লেষণে বলা হয়েছে, এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক আলোচনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে, অন্যদিকে বড় ধরনের সামরিক অভিযান থেকে সাময়িক বিরতি হিসেবে এটিকে ওয়াশিংটনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, পরিস্থিতি পরিবর্তিত হলে দ্রুত বড় পরিসরের সামরিক অভিযান পুনরায় শুরু করার লক্ষ্যে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

অনলাইন ডেস্ক 


















