লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক নজরদারি ও তাৎক্ষণিক বাধায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজিবি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাটগ্রামের বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ পুশ-ইনের চেষ্টা চালানো হয়। রাতের আঁধারের সুযোগ নিয়ে বিএসএফ দুই শিশু, দুই নারী ও আট পুরুষসহ মোট ১২ জনকে একযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ওই সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। বিজিবির বাধার মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয় এবং ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ১২ জন বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। নতুন করে যেন কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সে জন্য ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে ব্যাখ্যা চেয়েছে বিজিবি। রোববার (১৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) আহ্বান করা হয়েছে। বিএসএফ কেন এবং কী উদ্দেশ্যে ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তা পতাকা বৈঠকের মাধ্যমে স্পষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সতর্ক টহল দলের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক 


















