নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ী ফকিরবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মজনু মোঃ ইসহাক।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম জামান হোসেন, সহকারী প্রধান শিক্ষক জি এম সাব্বির হোসেন রতন, সহকারী শিক্ষক মো. খেলাফত হোসেন ও টিটন কুমার পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক ডা. সোলাইমান আলী, ইউপি সদস্য মো. সুজন আলম এবং অভিভাবক সদস্য মো. মোতালেবুর রহমান, মো. আব্দুল হালিম ও মো. রিপন মাহমুদসহ অন্যরা।
বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত অগ্রগতি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, মানবিকতা ও দায়িত্বশীলতার বিকাশও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগে কচুগাড়ী ফকিরবাড়ী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে।

এনামুল হক লালন 


















