ইয়েমেনের হুথি বাহিনীর হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবজুড়ে শত শত ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এয়ার ডেটা নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে পরিদর্শন ও ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ চলায় জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের উপাত্ত অনুযায়ী, সোমবার সৌদি আরবের নির্ধারিত ১ হাজার ৪৮টি ফ্লাইটের মধ্যে ৪৮৬টি বাতিল করা হয়েছে, যা দৈনিক ফ্লাইট সূচির প্রায় ৪৬ শতাংশ। রিয়াদ বিমানবন্দরে রোববারের প্রায় সব ফ্লাইট এবং সোমবারের আনুমানিক ৭৮ শতাংশ ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরিস্থিতির কারণে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। লুফথানসা গ্রুপ ১৬ অক্টোবর পর্যন্ত এবং এয়ার ফ্রান্স-কেএলএম অক্টোবরের শেষ পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বন্ধ রেখেছে। এ ছাড়া ফিলিপাইন এয়ারলাইনস ২৯ নভেম্বর পর্যন্ত, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৫ অক্টোবর পর্যন্ত এবং ফ্লাইদুবাই ১৪ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে তাদের কার্যক্রম স্থগিত করেছে বলে জানানো হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস আটলান্টা-রিয়াদ রুট চালুর পরিকল্পনা ২০২৭ সালের মার্চ পর্যন্ত পিছিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। পরদিন টার্মিনাল ৪-এ আরেকটি প্রক্ষেপকের আঘাতে এক পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হন। সৌদিয়ার একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
এদিকে, আটকে পড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ক্ষেত্রে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান হয়ে সড়কপথে যাওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) বেসামরিক বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনলাইন ডেস্ক 


















