“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৩ই অক্টোবর, ২০২৬) সকাল ৯:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বি. এম. তারিক-উজ-জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব লুৎফুন নাহার বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে একটি ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “দুর্যোগের ক্ষতি কমাতে আমাদের পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। বজ্রপাত, খরা, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে আগাম সতর্কতা অবলম্বন এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সচেতনতামূলক প্রচারাভিযান চালাতে হবে। একই সাথে মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
বক্তব্যে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে বেশি করে তালের চারা রোপণসহ ফলজ ও বনজ বৃক্ষরোপণ উদ্যোগে অংশ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ফাহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, রোভার স্কাউটের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসার ওপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সদস্যদের সমন্বয়ে এক মহড়া প্রর্দশন করা হয়।

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 


















