পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজার একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানো ও উদ্ধারকাজ পরিচালনার সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দুই ফায়ার ফাইটার। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় চকবাজারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অসুস্থ দুই ফায়ার ফাইটার হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুরান ঢাকার চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারা এলাকার মনসুর খান প্লাজার একটি ছয়তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ চালানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই দুই ফায়ার ফাইটার। পরে তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থ ফায়ার ফাইটারদের হাসপাতালে নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করছিলেন জিল্লুর রহমান ও নজরুল ইসলাম। এ সময় ধোঁয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে ধোঁয়ায় অসুস্থ দুই ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় দুই ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















