‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আলী আজগর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাজেদা খাতুন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলমসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে তাদের সম্ভাবনার বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ জন্য বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনলাইন ডেস্ক 


















