ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে পৌর সদরের লক্ষ্মীকোল বাজারসংলগ্ন বড়াল নদীতে এ অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং দৈনিক চলনবিল প্রবাহের প্রতিনিধি গাজী মখলেছ উপস্থিত ছিলেন।
অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা নদীতে জমে থাকা কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করেন। একই সঙ্গে ইউএনও বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নদীতে দোকানের বর্জ্য না ফেলার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বড়াল নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। বাজারের সব ব্যবসায়ীকে নিজ নিজ দোকানের বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আহ্বান জানানো হয়েছে। পরে পৌরসভার কর্মীরা এসব বর্জ্য নির্ধারিত স্থানে নিয়ে যাবেন।
তিনি আরও বলেন, পৌরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সম্মিলিতভাবে সচেতন হলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 


















