নতুন মুখ, নতুন স্বপ্ন আর উচ্চশিক্ষার প্রত্যয়ে উৎসবমুখর হয়ে উঠেছিল নাটোরের গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ ক্যাম্পাস। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও উদ্বোধনী ক্লাস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষক-কর্মচারী ও প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান। পরে গীতা পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিতা রানী দাস। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তায় অনুষ্ঠানে ভিন্নধর্মী এক আবহ তৈরি হয়।
কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের প্রভাষক রনি খান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আব্দুস সামাদ ও রাহেলা খাতুন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান রফিক নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের সময় নয়; এ সময় শিক্ষার্থীদের চিন্তা, মূল্যবোধ, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য গড়ে ওঠে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধকে গুরুত্ব দিতে হবে।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, সময়ের সদ্ব্যবহার এবং নিজেদের প্রতিভা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, নবীন ও প্রবীণ শিক্ষার্থীসহ দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। নবীনদের উচ্ছ্বাস, প্রবীণদের আন্তরিকতা ও শিক্ষকদের প্রেরণায় দিনটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 


















