ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালির পুলিশের ভূমিকা এবং সেখানে পাওয়া নিরাপত্তা নিয়ে কথা বলেন বাঁধন। একইসঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কড়া বার্তা দেন তিনি।
আওয়ামী লীগকে বড় দল উল্লেখ করে দলটির নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে দলটি রাজনীতি করবে। তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে পরবর্তীতে দলটিকে লজ্জায় পড়তে হয়।
তিনি বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন, তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’
বাঁধন আরও বলেন, ‘আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার একটা রূপরেখা তৈরি করেছেন। এমন রূপরেখা তৈরি করবেন না, যেটার জন্য ভবিষ্যতে আপনাদের লজ্জিত হতে হবে।’
এর আগে গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যান বাঁধন। সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করেছে।
গত ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন বাঁধন।
তার দাবি, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। এ সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন।
ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ান দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার প্রতি সমর্থন প্রকাশ করা হয়।

অনলাইন ডেস্ক 


















