পাবনার চাটমোহরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মসুরের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মসুর ফসলের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















