নাটোর জেলার সিংড়া উপজেলার প্রত্যন্ত খড়মকুড়ি গ্রামের শিক্ষক দম্পতি মো: আব্দুর রাকিব ও মোছা: আলীমা খাতুনের মেয়ে রুকাইয়া তাসনিম অদ্রি এবারের এস এস সি পরীক্ষা ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ কেন্দ্র থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সে কেন্দ্রের সর্বোচ্চ ১১৮৬ নম্বর (মোট ১২৫০ নম্বরের মধ্যে) পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে।
অদ্রি প্রতিটি বিষয়ে গড়ে ৯৫ নম্বর পেয়ে অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে। পরিবারে দুই সন্তানের মধ্যে ছোট অদ্রি; তার বড় একজন ভাই রয়েছে। গ্রামীণ পরিবেশের নানা সীমাবদ্ধতা পেরিয়ে অদ্রির এমন ধারাবাহিক ও চমকপ্রদ সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
মেয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক দম্পতি বাবা-মা। তারা জানান, অদ্রির পড়ার প্রতি একাগ্রতা ও চেষ্টার কোনো কমতি ছিল না। একই সাথে যে সকল শিক্ষকমণ্ডলী তাদের নিঃস্বার্থ দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম দিয়ে অদ্রিকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভবিষ্যতেও যেন অদ্রি তার এই মেধার ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, সেজন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সিংড়া (নাটোর) প্রতিনিধি 


















