দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা অংশ নেন। সমাবেশস্থলে কিছু নেতাকর্মীর হাতে পাইপও দেখা যায়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। তারা এসব ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ৫ আগস্ট বিজয় উদযাপনের দিন হলেও ছাত্রদলের বিরুদ্ধে বক্তব্য দিতে হচ্ছে, যা দেশের জন্য দুঃখজনক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, ক্যাম্পাস দখলের চেষ্টা হলে ছাত্রশিবির তা প্রতিহত করবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনলাইন ডেস্ক 

















