রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে গভীর রাতে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসি প্রশাসককে পাশে বসিয়ে রাজধানীর প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি সড়কের সার্বিক অবস্থা, রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিস্থিতি, সড়কবাতির কার্যকারিতা, রাতের যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন, মাঠপর্যায়ের তথ্য নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নগরবাসীর ভোগান্তি কমিয়ে সেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন। এ লক্ষ্যেই কোনো পূর্বঘোষণা ছাড়াই গভীর রাতে মাঠপর্যায়ে নেমে কোথায় কী ধরনের সমস্যা বা গাফিলতি রয়েছে, তা সরাসরি পর্যালোচনা করেন তিনি।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতের বেলা রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেন। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ওই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

অনলাইন ডেস্ক 


















