প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। আগামী ৩০ জুলাই শুরু হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টে মোট ২৬টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।
এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান। এ সময় ফেডারেশনের যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন এবং বাংলাদেশ দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক উপস্থিত ছিলেন।
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানান, আয়োজনটি দুই ভাগে অনুষ্ঠিত হবে—যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপের ২৬টি দেশের প্রতিনিধি এতে অংশ নিলেও মূল প্রতিযোগিতায় অংশ নেবে ১৭টি দেশের আর্চার ও কর্মকর্তারা।
তিনি বলেন, “ওয়ার্ল্ড আর্চারি এশিয়া, ওয়ার্ল্ড আর্চারি, অলিম্পিক সলিডারিটি এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের সময় আমি ‘ওয়ান ভিশন, ওয়ান এশিয়া, ইউনিক এশিয়া’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই চ্যালেঞ্জ কাপের আয়োজন।”
তিনি আরও বলেন, গত নভেম্বরে বাংলাদেশ নিজেদের মাঠে দক্ষিণ কোরিয়াকে দুবার হারিয়েছে। এবার প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্টের নামে এই টুর্নামেন্ট চালু করা হলো।
মিক্সড টিম ইভেন্ট সম্পর্কে তিনি জানান, বিভিন্ন দেশের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করা হবে। একই দেশের নারী ও পুরুষ আর্চার একসঙ্গে খেলবেন না।
ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান বলেন, টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে প্রথমে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর আন্তর্জাতিক নিয়ম অনুসারে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আয়োজন করা হবে। ২৬টি দেশ থেকে আর্চার, কোচ, কর্মকর্তা, অতিথি ও টেকনিক্যাল অফিসিয়ালসহ মোট ১১৪ জন এই আয়োজনে অংশ নিচ্ছেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের আর্চারিকে বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৭টি দেশ হলো—আফগানিস্তান, ভুটান, চীন, ভারত, ইরাক, জর্ডান, সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইয়েমেন এবং স্বাগতিক বাংলাদেশ।
এ ছাড়া অস্ট্রেলিয়া, কোমোরোস, মিসর, ইরান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইপে, তিউনিসিয়া ও উগান্ডা থেকে টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথিরা অংশ নেবেন। সব মিলিয়ে ২৬টি দেশের প্রতিনিধিত্ব থাকবে এই আন্তর্জাতিক আয়োজনে।
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও যৌথ প্রশিক্ষণ কর্মসূচির আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)।

স্পোর্টস ডেস্ক 


















