বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মামুন হাসান। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ জুট করপোরেশন (রিপিল) অ্যাক্ট, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
মামুন হাসান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন।
বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

অনলাইন ডেস্ক 


















