ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার শিপন আহমেদ , আসাদুল্লাহ আল গালিব ও রনি আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এফ এম সাদমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছাঃ কাকলী খাতুন।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে সাব্বির রহমান একান্ত, সহ সাধারণ সম্পাদক তানভীর কবির , সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান এবং দপ্তর সম্পাদক হিসেবে শামসুজ্জামান শ্রাবণকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এবারের কমিটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইতিহাসে এই প্রথম কোনো নারী সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন। সংগঠনের নেতৃত্বে নারীর এই অন্তর্ভুক্তি ভবিষ্যতে আরও বেশি নারী শিক্ষার্থীর নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি এফ এম সাদমান বলেন, “নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের একটি পরিবার। সকলের সহযোগিতায় নতুন ও বর্তমান শিক্ষার্থীদের একাডেমিক, আবাসনসহ বিভিন্ন প্রয়োজনে পাশে থাকতে চাই। পাশাপাশি জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করতে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করব।”
সাধারণ সম্পাদক মোছাঃ কাকলী খাতুন বলেন, “নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তুলতে চাই। নতুন শিক্ষার্থীদের ভর্তি, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি নাটোর জেলার শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, নেতৃত্ব বিকাশ এবং কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে আন্তরিকভাবে কাজ করব।”
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা

ক্যাম্পাস প্রতিনিধি 


















