পাবনার ভাঙ্গুড়ায় শিশু রামিসা হত্যা এবং সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া স্মৃতিসৌধের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্যোগে এবং সাহেল আহমেদ সবুজের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সালেহ আহমেদ সবুজ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আবু মো. আদিব ইরফান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান, নাগরিক ও প্রজন্ম পরিষদের সভাপতি মো. গোলাম মোস্তফা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো. আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। অনেক ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যাওয়ায় অপরাধ প্রবণতা আরও বাড়ছে। তারা শিশু রামিসাসহ সকল শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এসময় বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 

















