‘নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি’ এই স্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ হলরুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন,সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন ভেজালযুক্ত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে দেশব্যাপী জনমত গড়ে তোলা সময়ের দাবি। দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দুধ যেন নিরাপদ থাকে সে ব্যাপারে ব্র্যাক ডেইরি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে খামারী ও সোসাইটি ম্যানেজার ভাইদের আরো বেশি সচেতন করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ডা. মোঃ বাদল মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও আঞ্চলিক ব্যবস্থাপক ডা.মো.আবু বকর সিদ্দিক, প্রোডিউসার সার্ভিসের ম্যানেজার ডা.মো: রিপন মিয়া, ভেটেরিনারি সার্জন, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট ডা.সুজন কুমার নায়েক রায়, এলাকা ব্যবস্থাপক বাবুল চন্দ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তাড়াশ প্রতিনিধি 


















