বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, “কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। তাই কৃষক ও কৃষির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
রোববার (১০ মে) রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন, বর্তমান সরকারের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর সমর্থন নিয়ে বিএমডিএকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান তিনি। সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “তিনি ছিলেন আমার শিক্ষক। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমি কাজ করতে চাই, যাতে বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার মানুষ বিএমডিএকে আরও উন্নত ও কৃষকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পায়।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। দেশের জন্য তারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাই তাদের প্রাপ্য মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
বিএমডিএ চেয়ারম্যান অভিযোগ করে বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠানটির প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। সব বৈষম্য দূর করে বিএমডিএকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি প্রতিষ্ঠানে পরিণত করা হবে।”
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, নিজের অভিজ্ঞতা, মেধা ও শ্রম দিয়ে বিএমডিএকে আরও শক্তিশালী করতে চান তিনি। একই সঙ্গে কৃষকের স্বপ্ন পূরণ ও কৃষির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য জাফরুল্লাহ, সাইফুল ইসলাম হিরোক এবং মিসেস বদরুল লাইলী।
এছাড়া বিএমডিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে বিকেলে চেয়ারম্যান তুহিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়িসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য সচিব পদ মর্যাদায় বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তোজাম্মেল হক , বিশেষ প্রতিনিধি 


















