নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা সড়কের ওপর আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল সদৃশ একটি বস্তু ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাঁখারীপাড়া এলাকার পাকা সড়কে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম ঢাকা পোস্টকে বলেন, নলডাঙ্গা থানার মাধ্যমে তাঁরা শাঁখারীপাড়া এলাকায় সড়কে আগুন, পিস্তল সদৃশ একটি বস্তু এবং ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে পেরেছেন। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, পিস্তল সদৃশ বস্তুটি দেখতে অনেকটা পিস্তলের মতো। তবে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি আসল নাকি নকল, তা নিশ্চিত হওয়া যাবে।

নাটোর প্রতিনিধি 


















