পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের বিস্তীর্ণ মাঠে শুরু হয়েছে পাকা আমন ধান কাটার উৎসব। ধান কাটা, মাড়াই ও ঘরে ফসল তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে চলছে ধান কাটার কাজ। শ্রমিকদের দৈনিক মজুরি দিতে হচ্ছে ৭০০ টাকা। ইতোমধ্যে ধান কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও কৃষকেরা দলবদ্ধভাবে ধান কাটছেন, আবার কোথাও কাটা ধান জমি থেকে তুলে আঁটি বাঁধছেন। মাঠজুড়ে কৃষক ও শ্রমিকদের কর্মব্যস্ততা চোখে পড়েছে।
গুনাইগাছা ইউনিয়নের কৃষক মিলন শেখ জানান, তিনি ছয় বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। গত বছর ভালো ফলন ও দাম পাওয়ায় এবার আগের তুলনায় এক বিঘা বেশি জমিতে আবাদ করেছেন। এরই মধ্যে চার বিঘা জমির ধান কাটা শেষ হয়েছে। প্রতি বিঘায় ২০ থেকে ২২ মণ করে ধান পেয়েছেন। বাকি দুই বিঘার ধানও আগামী দুই দিনের মধ্যে কাটা শেষ হবে বলে আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে চাষাবাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছর উপজেলায় আমন ধানের ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহরে মোট ১৬ হাজার ১২৫ হেক্টর জমিতে রোপা ও বোনা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোনা আমন এবং ৭ হাজার ৭৭৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়ার কিছু এলাকায় পানি জমে থাকায় চাষাবাদ ব্যাহত হয়েছিল। তবে এবার আগেভাগে বন্যার পানি নেমে যাওয়ায় এসব এলাকার বড় একটি অংশে ধান চাষ করা সম্ভব হয়েছে।

অনলাইন ডেস্ক 


















