রংপুরে পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনুমোদনহীন আরও দুটি ইটভাটার তিনটি চিমনি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন কাঞ্চনপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসআরবি-১৩-এর সদর কোম্পানি, রংপুরের সদস্যদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, রংপুর জেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর অতিরিক্ত সালফার এবং অ্যাশ ও মারকারিযুক্ত কয়লা ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের তথ্য যাচাই এবং পরিবেশবিধি লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১৩), বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়।
লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা, অনুমোদনবহির্ভূত মাটির ব্যবহার এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ ও মারকারিযুক্ত কয়লা ব্যবহারের অপরাধে মেসার্স এস এফ বি ব্রিকসকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ ও অনুমতিবিহীনভাবে ইটভাটা স্থাপনের দায়ে মেসার্স এ এস বি ব্রিকস এবং এম ইউ এম ব্রিকসের মোট তিনটি চিমনি ধ্বংস করা হয়।
এসআরবি-১৩ জানায়, পরিবেশদূষণ রোধের পাশাপাশি অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধেও তাদের অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

ওয়াদুদ আহমেদ মিলু ,লালমনিরহাট, প্রতিনিধি 


















