স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (ডিপিডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন চলনবিলের কৃতী সন্তান প্রকৌশলী মো. মোবারক হোসেন। বর্তমানে তিনি এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ এ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকৌশলী মোবারক হোসেন ১৯৮১ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। ১৯৯১ সালে এ বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি সম্পন্ন করেন। পরে ১৯৯৭ সালে ধারাবারিষা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৯ সালে বিলচলন শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। শিক্ষাজীবনে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভের মধ্য দিয়ে তিনি মেধার স্বাক্ষর রাখেন।
১৯৯৯ সালেই তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখান থেকে ২০০৪ সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি উচ্চশিক্ষা অব্যাহত রেখে ২০২৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
প্রকৌশলী মোবারক হোসেন ২০১১ সালের ২৫ শে আগস্ট এলজিইডিতে সহকারী উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে সৈয়দপুর উপজেলায় দায়িত্ব পালনের পর কুড়িগ্রামের রৌমারী, নওগাঁর আত্রাই, বগুড়ার শিবগঞ্জ, জয়পুরহাট সদর ও বগুড়া সদর উপজেলায় উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নওগাঁয় সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবেও কর্মরত ছিলেন।
দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত যোগ্যতার স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তিনি সিনিয়র সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ২০২৬ সালের ২ এপ্রিল নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে এলজিইডির সদর দপ্তরে যোগদান করেন। বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (ডিপিডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে তিনি চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সরকারি সফর করেছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রকৌশলী মোবারক হোসেন নিজ এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। নিজ জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি তাঁর এ দায়বদ্ধতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে নিজ জন্মস্থান গুরুদাসপুরসহ বৃহত্তর চলনবিল অঞ্চলের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা, প্রকৌশল জ্ঞান ও দক্ষতা দেশের গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং সড়ক যোগাযোগব্যবস্থা আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টাফ রিপোর্টার 


















