নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ উৎসব। এ উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় চলছে প্রস্তুতি। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ ও নতুন বই বিতরণের জন্য প্রস্তুত রয়েছে। তবে প্রাথমিক পর্যায়ের চাহিদার শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ে এখন পর্যন্ত এসেছে মাত্র ৪০ দশমিক ২২ শতাংশ বই।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এদিকে ২৪ ডিসেম্বর নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গুরুদাসপুর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠু মুঠোফোনে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে। ২৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন করা হবে। পরীক্ষা গ্রহণ ও নতুন শিক্ষাবর্ষের বই বিতরণের জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন।
উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার জানান, ১৯ নভেম্বর বার্ষিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষে খাতা মূল্যায়ন করে ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ ও বই বিতরণ উৎসব আয়োজনের জন্য শিক্ষা বিভাগ শতভাগ প্রস্তুত। ইতোমধ্যে নতুন বই আসতে শুরু করেছে। নভেম্বরের মধ্যেই চাহিদার শতভাগ বই পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আওলাদ হোসেন জানান, আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশের পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের চাহিদার শতভাগ বই পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি মাদ্রাসা, ৯টি এসএসসি কারিগরি (ভোকেশনাল) প্রতিষ্ঠান, ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৫টি কিন্ডারগার্টেনসহ মোট ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ৫১ হাজার ৪২৪ জন। এসব শিক্ষার্থীর জন্য প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪ লাখ ৮০০টি পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত গড়ে প্রায় ৬৯ শতাংশ বই পৌঁছেছে।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর জন্য চাহিদার শতভাগ বই পাওয়া গেছে। মাধ্যমিক পর্যায়ে ১২ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য ১ লাখ ৬০ হাজার ২৫০টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ৬৪ হাজার ৪৫০টি, যা মোট চাহিদার ৪০ দশমিক ২২ শতাংশ।
এ ছাড়া ইবতেদায়ি পর্যায়ে ৫ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য ৪১ হাজার ৭০০টি বইয়ের মধ্যে এসেছে ২৩ হাজার ৮০০টি (প্রায় ৫৭ শতাংশ)। দাখিল পর্যায়ে ২ হাজার ৩৫০ শিক্ষার্থীর জন্য ৩২ হাজার ৩৫০টি বইয়ের বিপরীতে এসেছে ৬ হাজার ৭০০টি (২০ দশমিক ৭১ শতাংশ)। অন্যদিকে এসএসসি কারিগরি (ভোকেশনাল) পর্যায়ে ৫ হাজার ২৫০ শিক্ষার্থীর জন্য ৬০ হাজার ৮০০টি বইয়ের চাহিদা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বইয়ের শতভাগ সরবরাহ নিশ্চিত হয়নি।
শিক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায় বাদে মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও কারিগরি—এই চার পর্যায়ে গড়ে ৩৯ দশমিক ৩১ শতাংশ বই পৌঁছেছে। বাকি বই নভেম্বরের মধ্যেই পৌঁছে যাবে বলে আশা করছেন উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তা।
সব মিলিয়ে প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পৌঁছানোয় স্বস্তি থাকলেও মাধ্যমিক ও সংশ্লিষ্ট অন্যান্য পর্যায়ে বাকি বই নির্ধারিত সময়ে পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। তবে শিক্ষা বিভাগের প্রত্যাশা, সময়মতো বই সরবরাহ সম্পন্ন হলে ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আবুল কালাম আজাদ 


















