জয়পুরহাটের সার্বিক উন্নয়ন, এলাকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় জনগণের জীবনমান নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য আন্না মিন্জ।
সফরের অংশ হিসেবে গতকাল ২৮ জুলাই (মঙ্গলবার) সংসদ সদস্য আন্না মিন্জ জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ২৭ জুলাই তিনি জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. আল মামুন মিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।

প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সংসদ সদস্য আন্না মিন্জ জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। মতবিনিময়কালে তিনি তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সাংগঠনিক গতিশীলতা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
একই সফরে তিনি সংশ্লিষ্ট এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী নেতৃবৃন্দের সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে ফুল দিয়ে মাননীয় সংসদ সদস্য আন্না মিন্জকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানানো হয়। মতবিনিময়কালে তিনি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

জয়পুরহাট প্রতিনিধি 






















