মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন টয়লেট অপরিচ্ছন্ন দেখে নিজ হাতে সেগুলো পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে নিজ হাতে আবর্জনা পরিষ্কার করেন তিনি।
আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, নিজেদের পরিবারের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসব প্রতিষ্ঠান যেন সব সময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী থাকে, তা নিশ্চিত করতে সবার প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, মানুষ যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবাপ্রতিষ্ঠানকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করতে হবে। এটি সবার প্রতি তাঁর বিশেষ অনুরোধ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাঁদের পাশে থাকতে চান। এ ক্ষেত্রে তাঁর সদিচ্ছার কোনো কমতি নেই। প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তাঁরাও জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 


















