নাটোরের সিংড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং দরিদ্র-অসহায় পরিবারের মাঝে ২৫টি সেলাই মেশিন ও ২২টি তারা-২ নলকূপ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ জন উপকারভোগীর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মোট ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, নলকূপ ও অনুদানের চেক তুলে দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আফছারুজ্জামান এবং সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। সেলাই মেশিন ও নলকূপ বিতরণের মাধ্যমে উপকারভোগীরা যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন, তেমনি নিরাপদ সুপেয় পানির সুবিধাও নিশ্চিত হবে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে অনুদানের এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিংড়া (নাটোর) প্রতিনিধি 


















