জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেন না। তবে এবার তিনি শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার এক মর্মান্তিক অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন।
সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর একটি ‘সিক্রেট টাস্ক’-এ অংশ নিয়ে নিজের জীবনের সেই ভয়াবহ অধ্যায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। অভিনেত্রী জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তি, যাকে তিনি ‘মামাজি’ বলে ডাকতেন, তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন।
শিবাঙ্গী বলেন, দীর্ঘদিন এই ঘটনা নিয়ে মুখ খোলার সাহস পাননি। তবে অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়ার উৎসাহে তিনি বিষয়টি প্রকাশ্যে জানানোর সিদ্ধান্ত নেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সেই সময় তাদের পরিবার তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অল্প বয়স থেকেই তিনি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। একই সময়ে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন।
তিনি জানান, একদিন ওই ব্যক্তি তাকে গাড়ি চালানো শেখানোর কথা বলে নিজের কোলে বসতে বলেন। বয়স কম থাকায় প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তার আচরণে অস্বস্তি অনুভব করেন।
শিবাঙ্গী আরও জানান, এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি অভিনয়জীবনের ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে তাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন এবং পরে জড়িয়ে ধরারও চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
পরে পুরো ঘটনাটি তিনি বাবা-মাকে খুলে বলেন। বিষয়টি জানার পর তার পরিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
শিবাঙ্গী বলেন, শৈশবের সেই অভিজ্ঞতা তাকে দীর্ঘ সময় মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছিল। তখন তিনি এতটাই ছোট ছিলেন যে ঘটনার গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করার মতো বয়স হয়নি।

অনলাইন ডেস্ক 


















