আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুর শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া এক তরুণের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক তরুণকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পুলিশ বক্সের দিকে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বাভাবিক যান চলাচলের মধ্যেই হঠাৎ একদল ব্যক্তি মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ ও ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে মিছিলের সামনের সারিতে দেখা যায়। এ সময় সাজিদ মোল্লার মাথায় প্রতীকী কাফনের কাপড় বাঁধা ছিল বলে ভিডিওতে দেখা যায়।
মিছিলের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লা। সেখানে তিনি দাবি করেন, প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থার মধ্যেও তারা আকস্মিকভাবে মিছিল করার সাংগঠনিক সক্ষমতা রাখেন। ওই পোস্টে আরও দাবি করা হয়, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. সায়েম (১৮) নামের এক তরুণকে আটক করে। পুলিশ জানিয়েছে, মিছিলে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক 



















