শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে মিছিলে প্রায় শতাধিক নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে।
ভিডিওতে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত ও যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, “আমরা বিষয়টি অবগত রয়েছি। সেখানে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে জানতে পেরেছি। ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অনলাইন ডেস্ক 



















