লালমনিরহাট ও দিনাজপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৩, রংপুরের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী গ্রামে অভিযান চালিয়ে ৯ বোতল এস্কাফ সিরাপ, ৩ বোতল অ্যাপোকোর্স সিরাপ ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মো. কছিমুদ্দিন (৩৯) ও মো. আবু হানিফ (৪৩) নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে কছিমুদ্দিনের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে মাদকদ্রব্য এবং তাঁর ভাই আবু হানিফের শয়নকক্ষ থেকে দেশীয় ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৬ নভেম্বর বিকেলে দিনাজপুর সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় তুর্য্য সরকার (২৪) নামে এক যুবকের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুর্য্য সরকার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দক্ষিণ বাসুপাড়া গ্রামের শংকর সরকারের ছেলে। অপরদিকে, গ্রেপ্তার কছিমুদ্দিন ও আবু হানিফ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধি 


















