নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. হানিফ ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হানিফ ওই এলাকার মো. হোসেন ভূঁইয়ার ছেলে।
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে ইউটার্ন নেয়। পরে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় তারা একাধিকবার ফাঁকা গুলিবর্ষণ করেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মুখোশ পরা থাকায় স্থানীয়রা জড়িতদের শনাক্ত করতে পারেননি।
স্থানীয় বিএনপি নেতা জুয়েল দাবি করেন, তিনটি যানবাহনে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়েন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
স্থানীয় চা-দোকানি মেরাজ বলেন, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। এ সময় গাড়ি থেকে স্লোগান শোনা যায়। কিছুক্ষণ পর তিনি গুলির শব্দ শুনতে পান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দত্তপাড়ায় গুলিবর্ষণের ঘটনায় রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে হানিফ ভূঁইয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

নাটোর প্রতিনিধি 


















