নাটোরের নলডাঙ্গায় ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ধান ও গমের বীজ প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভুয়া ঠিকানায় মুদ্রিত বীজের মোড়ক ও প্যাকেটজাতকরণের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে বীজ প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত ও বাজারজাত করা হচ্ছিল।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শরীয়তুল্লাহ। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

নাটোর প্রতিনিধি 


















