সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা ও টপসয়েল কর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (গতকাল) উপজেলার কালিঞ্জা ব্রিজ, পাঙাসী ব্রিজ, ধানগড়া ব্রিজ ও রামেশ্বরগাতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীর পাড় ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অভিযানের খবর পেয়ে অন্য কয়েকটি স্থানে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
তবে অভিযানে ঘটনাস্থলে পাওয়া চারটি মাটি কাটার এক্সকেভেটর মেশিন এবং তিনটি ট্রাক প্রশাসনের নির্দেশে অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এসব যন্ত্র ব্যবহার করে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 



















