রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সাংস্কৃতিক চর্চা এবং প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ জাহানারা আক্তার বানু এবং রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ গোলাম কালাম মুরশেদ কাজেম । এছাড়াও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্য এবং প্রাণিবিদ্যা বিভাগের বিপুল সংখ্যক বর্তমান শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেহেদী উৎসবে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের হাতে নান্দনিক নকশায় মেহেদী অঙ্কন করেন। এ সময় পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দঘন আড্ডা, স্মৃতিচারণ, ফটোসেশন এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং বিভাগের ঐতিহ্য ও গৌরবকে সমুন্নত রাখার লক্ষ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন এবং তাদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও বিকশিত করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উৎসব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আনন্দঘন ও শিক্ষণীয় আয়োজন নিয়মিত করার দাবি জানান। প্রাণিবিদ্যা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হওয়া এ মেহেদী উৎসব সকলের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য মেহেদী উৎসব অনুষ্ঠিত
-
অনলাইন ডেস্ক - প্রকাশের সময় : ৫ মিনিট আগে
- 8
জনপ্রিয় খবর




















