রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে চার যাত্রী নিহত এবং দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

অনলাইন ডেস্ক 

















