গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী পরিবহন, কাভার্ডভ্যান ও লোকাল বাসের ত্রিমুখী সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম উপজেলার উত্তর চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহন ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা দোলা পরিবহন ও গোপালগঞ্জের একটি লোকাল বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কের পাশে থাকা ভ্যানচালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালকসহ আরও ১০ জন আহত হন। ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর রহমান জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন ডেস্ক 


















