রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে আরও তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে পরিচালিত অভিযানে কার্যালয় প্রাঙ্গণ থেকে মোট সাতজনকে আটক করা হয়।
আটক সাতজনের মধ্যে চারজনকে দুই মাস করে কারাদণ্ড এবং বাকি তিনজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মিরাজ হোসেন, মো. সুজন হোসেন, মেঃ হারুন ও মো. রাশেদ হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে প্রতারণা করে আসছিল। এ ধরনের প্রতারণার বিষয়ে তাদের কাছে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি কমাতে এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক 


















