সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দিয়েছিলেন মনিরা শারমিন। দুই বছর পর গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছেড়ে দেন এবং ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হলে ওই ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হন। মূলত এই আইনি বাধ্যবাধকতার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে, বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দেওয়ার শর্তে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্ত বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
ইসির উপসচিব ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার এই বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। এছাড়া আসনটি শূন্য হলে তা সব দল ও জোটের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারিত ছিল। আপিল নিষ্পত্তি শেষে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক 


















