পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তাজিনুর ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের দলনেতা মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুনসহ আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসার ও ভিডিপি বাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা এবং বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।

অনলাইন ডেস্ক 



















