বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই বিভাগের ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় এক নবীন ছাত্রী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি তদন্তে বিভাগীয়ভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে ভাটার খালপাড় এলাকার নদীর তীরসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে দুই ব্যাচের শিক্ষার্থীদের প্রক্টর অফিসে নিয়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের একাধিক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “জুনিয়রদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুস্মিতা রায় বলেন, “আমাদের বিভাগে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের একটি ঘটনা ঘটেছে। প্রক্টরিয়াল বডির তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরে দুই ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে কথা বলি। বিভাগীয়ভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যায়। সেখানে ১৫তম ব্যাচের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 



















