বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হয়েছে। তবে শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাবুল হাসান (৫০) এবং তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী ও সাত বছর বয়সী নাতিকে নিয়ে মোটরসাইকেলে কাহালুর দিকে যাচ্ছিলেন বাবুল হাসান। পথে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়। গুরুতর আহত জেসমিন বিবি ও তাদের নাতি জুলকার নাইনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেটকারটির নারী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক 


















