সরকার আগামী ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা করায় রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।
রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা।
বেলা ২টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তারা সড়ক পরিষ্কার করে শান্তিপূর্ণভাবে শাহবাগ এলাকা ত্যাগ করেন।
এর আগে আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
আন্দোলনকে ঘিরে শাহবাগ থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড স্থাপন করা হয়। এ কারণে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনলাইন ডেস্ক 









