নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাছ পরিবহনের গাড়ি চলাচলের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রহমান একটি ফিশারিতে মাছ চাষ করেন। ফিশারি থেকে মাছ বিক্রির পর গাড়িতে করে মাছ পরিবহনের সময় গ্রামের একটি রাস্তা ভেঙে যাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে একই গ্রামের সুনু মিয়া মাছ পরিবহনের গাড়ি চলাচলে বাধা দেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫০), বাবুল মিয়া (৫৫), সোহেল মিয়া (৩৫), সিজালক মিয়া (৫২), বকুলা খাতুন (৬০) ও বাচ্চু মিয়া (৪৫)-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও ১৩ জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 


















