নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকেরা হলেন—সজীব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানান, দগ্ধদের মধ্যে সজীব সরকারের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। চারজনই বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে প্রিমিয়ার স্টিল রোলিং মিলে হঠাৎ বিকট শব্দে চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানায় কর্মরত চার শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুল্লি থেকে গরম লোহা নিচে পড়ে যাওয়ার সময় কোনো কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এ এইচ এম সালাউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনলাইন ডেস্ক 


















