নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের অধিকার সুরক্ষার লক্ষ্যে এক মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই (সোমবার) অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাননীয় সংসদ সদস্য জনাবা আন্না মিনজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গমেজ। কর্মসূচির অংশ হিসেবে অতিথিবৃন্দ নাটোর জেলায় অবস্থিত নৃগোষ্ঠী কালচারাল সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে স্থানীয় নৃগোষ্ঠী/আদিবাসী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য আন্না মিনজ নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত নৃগোষ্ঠী জনগণের সার্বিক জীবন মান উন্নয়নে করণীয় নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আত্মনির্ভরশীল সমাজ গঠনে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
সফরকালে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্য আন্না মিনজ বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নাটোরের কর্মসূচি শেষে দিনশেষে সফরকারী দলটি জয়পুরহাটে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জয়পুরহাটে আগমন উপলক্ষে বিশিষ্ট নেত্রী হৈমন্তীর নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা এক উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে সংসদ সদস্য ও অতিথিবৃন্দকে বরণ করে নেন।

নাটোর প্রতিনিধি 
























