নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম রক্ষায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। কারখানায় তেলাপোকার উপস্থিতি, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্যসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় জয়কালিবাড়ী দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫০) এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে এবং আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির পাশাপাশি সংরক্ষণের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। খাদ্যপণ্যের আশপাশে তেলাপোকার উপস্থিতি এবং মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাবার পড়ে থাকতে দেখা যায়।
অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংস এবং কারখানাটি সিলগালা করা হয়। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু একই এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে।
বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পলাশ কুমার ঢাকা পোস্টকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন করছেন। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

নাটোর প্রতিনিধি 


















