‘প্রবীণদের দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে দর্শনা পুরাতন বাজারে পৌর প্রবীণ কমিটির কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি হাজী মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. আকমত আলী, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার হাজী মোখলেসুর রহমান টিপু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুব-উল ইসলাম খোকন এবং ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধ। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণেরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান। তাই প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, তাঁদের অধিকার রক্ষা এবং সমাজের মূলধারায় তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন প্রবীণদের কল্যাণে সরকার, বেসরকারি সংস্থা ও স্থানীয় প্রবীণ কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবীণদের মর্যাদা রক্ষা ও তাঁদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি ও প্রবীণদের অংশগ্রহণে কেক কেটে দিবসের আনন্দ ভাগাভাগি করা হয়।

প্রতিবেদক: মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 








